আশুলিয়ায় চিকিৎসক দম্পতিকে ‘কুপিয়ে হত্যার চেষ্টা’, গ্রেপ্তার ১

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৩:১১ পিএম

সাভারের আশুলিয়ায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার ঘটনায় এক চিকিৎসক দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় এক বখাটে।

এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ডা. আজহারুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামাল দেওয়ান নামে একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ-বিন-করিম।

গত বুধবার (১৩ জুলাই) রাত আটটার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভুক্তভোগী চিকিৎসক দম্পতির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সেদিন রাতেই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চিকিৎসক ডা. আজহারুল ইসলাম।

গ্রেপ্তারকৃত জামাল দেওয়ান (৪৫) আশুলিয়ার ধলপুর এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে।

আহত দম্পতি হলেন- আশুলিয়ার কুটুরিয়া এলাকার আহসানউল্লাহর ছেলে ডা. আজহারুল ইসলাম, তার স্ত্রী ডা. রুমা আক্তার এবং তাদের শিশু সন্তান তুরফা আক্তার। এদের মধ্যে ডা. আজহারুল ইসলাম সাভারের এনাম মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে নিজস্ব প্রাইভেটকারযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন ডা. আজহারুল ইসলাম।

এ সময় সড়কে সাইড দিতে গিয়ে রকি দেওয়ান নামে এক যুবক মোটরসাইকেল দিয়ে তার প্রাইভেটকারে ধাক্কা দেয়। সেই যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ার একপর্যায়ে পাশের একটি খাবার হোটেল থেকে ধারালো চাকু এনে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে চিকিৎসক দম্পতিকে। এ সময় পাশে থাকা রকির স্বজন জামাল দেওয়ান ও কামাল দেওয়ান লাঠিসোঁটা দিয়ে চিকিৎসক দম্পতির উপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। এতে চিকিৎসক আজহারুল ও তার স্ত্রী সন্তানের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আশুলিয়ার ধলপুর এলাকার জামাল দেওয়ানের ছেলে রকি দেওয়ান (২৫) ও একই এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে কামাল দেওয়ানসহ (৪৮) অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জন।

ভুক্তভোগী চিকিৎসক আজহারুল ইসলাম বলেন, আমি বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার গাড়ির সঙ্গে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেই রকি দেওয়ান। বিষয়টি বলতে গেলে যুবকসহ তার বাবা, চাচা মিলে আমাকে ও আমার স্ত্রী কেউ মারধর করে এবং চাকু দিয়ে কুপায়। এ সময় আমার স্ত্রীর কোলে থাকা আমার শিশু বাচ্চাও আঘাত পায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন কবির বলেন, রাস্তায় গাড়িকে সাইড দেয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতিকে কুপিয়ে আহত করা হয়।

এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার এক নম্বর আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত