বিশেষায়িতসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স।
চুয়াডাঙ্গার ডিসি ইকোপার্কে গত বুধবার ঈদ পরবর্তী এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জেলার এই কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, এ বছর বুয়েট, মেডিকেল, ডেন্টালসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলা থেকে ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বিএমএ চুয়াডাঙ্গা জেলার সহসভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ফকির মুহাম্মদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানিত অতিথির বক্তৃতায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান এফবিসিসিআই পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে দেশমাতৃকার সেবা করতে হবে। তিনি নবীন এই শিক্ষার্থীদের লেখাপড়াসহ যাবতীয় বিষয়ে সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সংবর্ধিতদের ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। এ সময় চুয়াডাঙ্গার সুধীজন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
