দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. পরিবেশ দূষণ কী?
উত্তর : বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশের সঙ্গে মিশে পরিবেশের যে নেতিবাচক পরিবর্তন ঘটায় তাকে পরিবেশ দূষণ বলে।
২. পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর : পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন ক্যানসার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্যশৃঙ্খল ধ্বংস হচ্ছে। ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। ফলে নিম্নস্থল ভাগ সমুদ্রে তলিয়ে যাচ্ছে। বহুলোক গৃহহীন হচ্ছে, বহুদেশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং এ অবস্থা চলতে থাকলে আরও হবে।
৩. পরিবেশের প্রধান প্রধান দূষণ কী কী?
উত্তর : পরিবেশের নানা উপাদান বিভিন্নভাবে দূষিত হয়। এর মধ্যে প্রধান প্রধান দূষণ হলো বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ।
৪. কীভাবে বায়ুদূষণ হয়?
উত্তর : যানবাহন ও কল-কারখানার ধোঁয়ায় বায়ু দূষিত হয়। যেখানে-সেখানে ময়লা ফেলা ও মলমূত্র ত্যাগে বায়ু দূষিত হয়। গাছপালা ও ময়লা-আবর্জনা পোড়ানোর ধোঁয়ায় বায়ু দূষিত হয়।
৫. বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর : বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অ্যাসিড বৃষ্টি হচ্ছে। মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
৬. পানি কীভাবে দূষিত হয়?
উত্তর : পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য, কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। ময়লা-আবর্জনা পানিতে ফেলার মাধ্যমেও পানি দূষিত হয়।
৭. পানি দূষণের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর : পানি দূষণের ফলে জলজ খাদ্যশৃঙ্খল নষ্ট হচ্ছে। ফলে জলজ প্রাণী খাদ্যাভাবে মারা যাচ্ছে। পানি দূষণের ফলে মানুষ বিভিন্ন পানিবাহিত রোগ যেমন কলেরা, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
