পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৫ টাকা

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৬:৩০ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি দাম কমেছে ৩ থেকে ৫ টাকা। ইন্দোর জাতের পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ১৮ টাকা দরে। একই সঙ্গে নাসিক জাতের পেঁয়াজ ২৬ থেকে ২৭ টাকা থেকে কমে বিক্রি হয়েছে ২২ টাকা দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বলেন, গত ৪ জুলাই ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। পরের দিন ৫ জুলাই থেকে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমেছে। এছাড়া ভারতের অভ্যন্তরে যে পরিমাণে পেঁয়াজ লোডিং অবস্থায় রয়েছে সেগুলো আসলে পেঁয়াজের দাম আরও কমে যাবে। তিনি আরও বলেন, দেশি পেঁয়াজের দাম মোকামে মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কমেছে, যা আগে প্রতি মণ ১৫০০ থেকে ১৬০০ টাকা ছিল।  বর্তমানে ১০০০ থেকে ১২০০ টাকায় নেমেছে। যার প্রভাব আমদানিকৃত পেঁয়াজের দামের ওপর পড়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ৮ দিনের ঈদের ছুটি শেষে গত ১৬ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এদিন বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৭৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। রবিবার বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৮৫৮ টন, সোমবার ১৭টি ট্রাকে ৪৮০ টন, মঙ্গলবার ২৭ ট্রাকে ৭৭৪ টন, বুধবার ২৮টি ট্রাকে ৮১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বৃহস্পতিবার একদিনেই ৪৬টি ট্রাকে ১৩৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ যাতে দ্রুত খালাস করা যায় সেজন্য বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত