মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০২:৪৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু প্রিয়াঙ্কা বণিকের (৫) মরদেহ ২১ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লৌহজং নদীর উপজেলার বহুরিয়া এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রিয়াঙ্কা বণিক মির্জাপুর পৌর এলাকার মির্জাপুর সাহাপাড়া গ্রামের প্রবীর বণিকের মেয়ে। সে সাহাপাড়া রামকৃষ্ণ মিশন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা বণিক শুক্রবার সকাল দশটার দিকে তার ঠাকুমার সাথে লৌহজং নদীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঘাটে গোসল করতে যায়। একপর্যায় সে নদীতে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা তিনটা পর্যন্ত খুজাখুজি করে কোনো সন্ধান পায়নি। তবে নদীর বিভিন্ন স্থানে পরিবারের লোকজন খোজ করতে থাকে।

শনিবার সকালে বহুরিয়া এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন সকাল সাড়ে সাতটার দিকে ওই স্থান থেকে শিশু প্রিয়াঙ্কার মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালে শিশুটি নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বেলা তিনটা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান না পেয়ে আমরা ফিরে যাই।

প্রতিবেশী উত্তম কুমার সাহা বলেন, শনিবার সকালে খবর পেয়ে লৌহজং নদীর বহুরিয়া এলাকা থেকে প্রিয়াঙ্কার মরদেহ উদ্ধার করে আনে পরিবারের লোকজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত