রাষ্ট্রের আমূল পরিবর্তনে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে: ফখরুল

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৮:২৮ পিএম

শুধু নির্বাচন নয়, সংবিধান ও রাষ্ট্রের আমূল পরিবর্তনে ঐকমত্যে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।  রবিবার রাজধানীর উত্তরায় সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে জেএসডি’র শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপ শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু নির্বাচন নয়, যাতে রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন করতে পারি সে জন্য বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। আন্দোলনের মধ্যে দিয়েই এই ঐক্য গড়ে উঠবে, আন্দোলনের মধ্যে দিয়েই জনগণই বলে দেবে, আমরা ঠিক কোন পথে এগোব। আন্দোলনের ধারা কী হবে এবং আন্দোলনের গতি কী হবে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন গণবিরোধী সরকার যারা অনির্বাচিত তারা জনগণের ওপর অন্যায়, অত্যাচার ও নির্যাতন করছে। আর ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। জনগণকে ভয় দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। আজকে অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা আজকে স্বাস্থ্য ও শিক্ষাসহ সবক্ষেত্রে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা একটা দুর্নীতির প্রাসাদ বানিয়ে ফেলেছে।  এই অবস্থার প্রেক্ষিতে আমরা সবাই একমত হয়েছি যে, এই সরকারকে অবশ্যই যেতে হবে।'

সংলাপ শেষে আ স ম আব্দুর রব বলেন, ‘আজকের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের আন্দোলনের লক্ষ্য হবে-একই সাথে সরকার পতন, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ। আর সংবিধান পরিবর্তন না করলে আবারো স্বৈরাচার আসতে পারে।’

বিএনপির সঙ্গে সংলাপে আলোচনার বিষয় সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান স্বৈরাচার সরকারের পতন, শাসন ব্যবস্থার পরিবর্তন, জনগণের ভোটাধিকার, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং আন্দোলন-সংগ্রামের বিষয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন পদ্ধতিতে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। আর আমরা ২১ দফা দাবি-দাওয়া নিয়ে কথা বলেছি। ভবিষ্যতে আরো কথা হবে। আমরা মাঠে নামব, মাঠে জনগণ আমাদের সাথে থাকবে। জনগণ আমাদের নির্দেশ দেবে আমরা কোথায় যাব। ’

মির্জা ফখরুল ছাড়া ও বিএনপির পক্ষে সংলাপে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

জেএসডি সভাপতি আব্দুর রবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, সহসভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

এর আগে গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল। পরে ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি, ৩১ মে গণসংহতি আন্দোলন এবং ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জনু বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টি ( কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ১২ জুন ন্যাপ ভাসানী, ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ১৮ জুন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, ১৯ জুন ন্যাশনাল পিপলস পার্টি এবং ২১ জুলাই সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ করে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত