রংপুর সদর থানার সদ্য পুস্করনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার চাল আত্মসাতের অভিযোগে র্যাবের হাতে আটক ও ভিজিডি কার্ডের অনিয়মের সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা ইনে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
ওই চেয়ারম্যানের শ্বশুর দৈনিক দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশিদ, মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মাখদুমী, ঢাকা পোস্টের নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে রবিবার সকাল ১১টায় সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন একুশে টিভির রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মামুন রশিদ, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মাখদুমী, রংপুর প্রেসক্লাবের সদস্য ওমর ফারুক, তৃণমূল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহালম, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক আজম পারভেজ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক এস,এম,জাকির হোসেন, সাংবাদিক রেজাউল করিম জীবন, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন প্রমুখ।
