ব্যয় সঙ্কোচনের তাগিদ দিয়ে আরও কয়েকটি নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৮:৫১ পিএম

মহামারি ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট ডলার সঙ্কটে ব্যয় সঙ্কোচনের তাগিদ দিয়ে আরও কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী আরও কয়েকটি নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এটার জন্য অলরেডি আমাদের প্রকল্পগুলোর ক্যাটাগরি করে দেওয়া হয়েছে- এ, বি, সি। এ ক্যাটাগরির প্রকল্পের পুরো টাকা খরচ করা যাবে। বি-ক্যাটাগরির প্রকল্পগুলোতে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ করা যাবে। সি-ক্যাটাগরির প্রকল্পগুলোর বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে।

তিনি বলেন, ‘কেনাকাটাতে যেগুলো ইমিডিয়েট না কিনলে হবে না, সেই জাতীয় কেনাকাটা চলবে। যেগুলো আপাতত না কিনলেও চলবে, সেই সব কেনাকাটা আপাতত স্থগিত থাকবে।’

বিদেশে প্রশিক্ষণের বিষয়ে খন্দকার আনোয়ারুল বলেন, ‘ট্রেজারি থেকে বিল হয়, এমন কোনো বিদেশ ভ্রমণ এখন মন্ত্রণালয়গুলো করতে পারবে না। সরকারি টাকায় সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।’

দরপত্রে থাকা দরদাতার ব্যয়ে প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত যে বিদেশ সফর রয়েছে, সেগুলো বন্ধ থাকবে না, বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবাইকে একটু সহযোগিতা করার জন্য উনি (প্রধানমন্ত্রী) বিশেষ অনুরোধ করেছেন।

তিনি বলেন, কারণ এটা (ভবিষ্যৎ) আমরা জানি না। পরশু চুক্তি হল, কালকেই আবার ইউক্রেইনের ওদেসা বন্দরে বোমাবর্ষণ হয়েছে। চুক্তি হয়েছে ইউক্রেইন থেকে খাবারটা বেরিয়ে আসবে। বন্দর ছাড়া আসবে কীভাবে? এটা তো আমাদের নিয়ন্ত্রণে না। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি, খাবার ও সার নিয়ে আসার চেষ্টা করছে।

আমাদের বার বার অনুরোধ করা হয়েছে। যেভাবে হোক আমরা যেন সাশ্রয়ী হই। এনার্জি ও টাকা-পয়সা অহেতুক খরচ না করি, বলেন খন্দকার আনোয়ারুল।

এমন সঙ্কট মোকাবেলায় শস্য উৎপাদন বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী উৎপাদন বৃদ্ধির বিষয়ে খুবই জোর দিয়েছেন। বিশেষ করে কোথাও যদি এক ফসলী জমি থাকে, সেখানে তিন ফসল করার বিষয়টি চিন্তা করতে হবে। বাড়ির উঠানে শাকসবজি, এগুলো করতে হবে।

সরকারি ব্যয় কমাতে ইতোমধ্যে কর্মকর্তাদের বিদেশ সফরে লাগাম টানা হয়েছে, কমানো হয়েছে গাড়ির জ্বালানি ব্যবহার, বিদ্যুতের ব্যবহার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত