দিনাজপুরের বিরামপুরে এক সঙ্গে জন্ম নেওয়া ৩ কন্যাশিশুর মধ্যে ‘পদ্মার’ একদিন পর ‘সেতু’র মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামে নিজ বাসায় ৬ দিন বয়সী ‘সেতুু’র মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বাসায় মারা যায় ৫ দিন বয়সী শিশু ‘পদ্মা’। পরিবারটিতে এখন বেঁচে রইল শিশু স্বপ্ন।
গত ১৮ জুলাই দিনাজপুরের বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি ক্লিনিকে এক সঙ্গে ৩ কন্যাসন্তানের জন্ম দেন প্রসূতি সাধিনা বেগম। জন্মের পর পরই তাদের নাম রাখা হয় ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’। জন্মের পর পরই চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ৩ সন্তান নিয়ে বাড়ি ফেরেন সাধিনা বেগম।
বাবা জাহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় শিশু পদ্মা মারা যায়। রবিবার দুপুরে বিরামপুরের চিকিৎসক জাকিরুলের কাছে স্বপ্ন ও সেতুকে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ৫ দিনের ওষুধ দেন এবং সরকারি হাসপাতালে আধাঘণ্টা অক্সিজেন দিতে বলেন। পরে হাসপাতালে নিয়ে গিয়ে শিশুদের অক্সিজেন দেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে সেতু মারা যায়।
