আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতারা মেগা প্রকল্পের নামে দেশের টাকা বিদেশে পাচারের ফলেই দেশে ডলারের দাম বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেছেন, বিএনপির আমলে ডলারের দাম ছিল ৬০ টাকা এখন তা বেড়ে হয়েছে ১১২ টাকা। ডলারের দাম বাড়ার কারণেই দেশের মুদ্রাস্ফীতি ঘটেছে, সকল পণ্যের দাম বেড়েছে। দেশ চরম আর্থিক সংকটে পড়েছে। আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগ দেশকে শ্রীলঙ্কা বানাবে।
বুধবার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত গুরুদাসপুর পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, একবার বিনা ভোটে, আরেকবার মধ্যরাতের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে ইভিএমের ওপরে ভর করে জেতার স্বপ্ন দেখছে। তাদের এই দুঃস্বপ্ন সফল হতে দেয়া হবে না। তারেক রহমান হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশিতে ফুঁ দিলেই সারা দেশের বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসবে। আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। দেশে বিএনপি ছাড়া আর কোনো সংসদ নির্বাচনও হবে না।
গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ সুফি সাঈদের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রহিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ এবং জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।
