ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪০ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের একটি কারাগারে এই হামলায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন। মস্কো জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে ওই কারাগার লক্ষ্য করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইউক্রেন। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এদিন ভোরে দোনেৎস্কের কালমিউস্কে জেলার ওলেনিভকা শহরের একটি কারাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় সেনাবাহিনী। হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনী দূরপাল্লার এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা হিসেবে এই ক্ষেপণাস্ত্র পেয়েছিল ইউক্রেন।
×
