অমিত হাবিব একজন শিক্ষকের ভূমিকা পালন করেছেন: যুগান্তর সম্পাদক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:৪০ পিএম

দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, বরেণ্য সাংবাদিক অমিত হাবিব সবাইকে ছেড়ে চলে গেছেন বৃহস্পতিবার রাতে। তার প্রস্থানে শোকাভিভূত দেশের সাংবাদিকেরা।

অমিত হাবিবকে সাংবাদিকতার একজন শিক্ষক এবং তার চলে যাওয়া অনেক দিন অনুভূত হবে বলে মনে করেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম।

শুক্রবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘অমিত হাবিব দীর্ঘ ৪০ বছরের কাছাকাছি এ পেশায় ছিলেন। পেশাদারি বজায় রেখে নিঃশঙ্ক চিত্তে সত্যকে সত্য বলার মতো একজন সাহসী মানুষকে আমরা হারালাম। মানুষ হিসেবে এবং সাংবাদিক হিসেবে তিনি ভালো ছিলেন। কখনো তিনি আপস বা কারো সঙ্গে সমঝোতা করে সাংবাদিকতা করেননি। এ পেশায় যে দৃঢ়তা, বলিষ্ঠতা ও সততা দরকার এর সব কয়টার সম্মিলন ছিল তার মধ্যে।

তিনি আরো বলেন, ‘অমিত হাবিব নিভৃতচারী মানুষ ছিলেন। কখনো প্রকাশ্য হননি। কিন্তু দেশের সাংবাদিকতা জগতে অনেকেই আছেন যারা তার সাহচর্য পেয়েছেন, পরিশুদ্ধ হয়েছেন, পেশাদারি বজায় রেখে সাংবাদিকদের যে অনুশীলন সেই চর্চায় তারা নিয়োজিত হয়েছেন। এটি তাদের জীবনে একটি পরম পাওয়া। অনেক শিক্ষক আছেন তাকে হয়তো মানুষ চিনেন না। কিন্তু সেই শিক্ষকের অনেক ছাত্র আছে যাদের দেশজুড়ে খ্যাতি। আমি মনে করি এ ক্ষেত্রে অমিত হাবিব একজন শিক্ষকের ভূমিকা পালন করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত