চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৯:৫৭ এএম

চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)।

এদের মধ্যে রিপন গাজী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অটোরিকশা চালক খোরশেদ শেখ (৬৫) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, অটোরিকশায় করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিলেন। তারা বাগরা বাজার অতিক্রম করার সময় আর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রীই প্রাণ হারায়। তবে অটোরিকশা চালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমদ বলেন, দুর্ঘটনায় রিপন গাজী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত মাসুদ ও লিটনকে হাসপাতালে আনার কয়েক মুহূর্তের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, কাভার্ডভ্যানসহ চালককে ফরিদগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত