রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থী। তিনি ৯২ দশমিক ৭৫ পেয়ে 'এ' ইউনিটে প্রথম হয়েছেন। অথচ তার হয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছিলেন রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়জিদ খান।
যদিও প্রক্সির দায়ে ওই শিক্ষার্থীর খাতাটি বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হয়ে তানভীর উল্টো প্রথম হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।
বুধবার দুপুরে ব্যাপক আলোচনার মুখে তানভীরের ফলাফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে প্রক্সি দিতে এসে আটক হওয়া বায়জিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায় আদালত।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, তানভীরের ফলাফল ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষতিয়ে দেখছেন যে এই ঘটনায় কার খাফিলতি রয়েছে। তদন্তে যিনি দোষী হবেন অবশ্যই তাকে বিচারের আওতায় আসতে হবে।
