উচ্ছেদ অভিযানে কাটা পড়া বিদ্যুৎ ও পানির সংযোগ পুনরায় পাওয়ার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জঙ্গল সলিমপুরের হাজারো বাসিন্দা।
বুধবার বিকেল ৩টার দিকে তারা নগরের বায়েজিদ লিংক রোড অবরোধ করেন। পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তাদের লিংক রোডের জঙ্গল সলিমপুর অংশে সরিয়ে দেয়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনে সূত্র জানায়, জঙ্গল সলিমপুরে প্রায় ৩ হাজার একর পাহাড়ি ও সমতল ভূমিতে অবৈধভাবে ৪০ হাজার মানুষ বসবাস করছে। সেখান থেকে তাদের সরিয়ে বিভিন্ন সরকারি সংস্থার দপ্তর নির্মাণ করতে গত একমাস ধরে জঙ্গল সলিমপুরের আলিনগরে দফায় দফায় অভিযান চালাচ্ছে প্রশাসন।
ইতিমধ্যে ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়া হয়েছে। গত মঙ্গলবারও সেখানে অভিযান চালিয়ে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
আজ বিকেলে সরেজমিনে বায়েজিদ লিংক রোডে গিয়ে দেখা যায়, জঙ্গল সলিমপুরের হাজারো বাসিন্দা ব্যানার নিয়ে লিংক রোডে বসে আছেন। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে তারা বিদ্যুৎ ও পানির সংযোগ পুনরায় দেওয়ার দাবি জানিয়েছেন। না হলে আগামীকাল তারা চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আশরাফ করিম বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
