ভোলায় বিএনপির মিছিলে গুলিবর্ষণ ও নিহতের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বৃহস্পতিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা বলেন, ‘অতীতের মতো বর্তমান সরকার মানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে ভীতি ছড়াতে এবং গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, সরকার ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। দিনাজপুরের ইয়াসমিন হত্যাপরবর্তী নিষ্ঠুরতা, কানসাট-দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপি হত্যাকাণ্ড চালিয়ে, সারের দাবিতে কৃষক, মজুরির দাবিতে পাটকল শ্রমিকের ওপর গুলি চালিয়ে গদি ধরে রাখতে পারেনি। এ ধরনের দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়ে এ সরকারও গদি রক্ষা করতে পারবে না। শাসক শ্রেণির দলগুলোর এ দমন-পীড়নের রাজনীতি বছরের পর বছর চলছে।
বিবৃতিতে বলা হয়, ‘দেশ আইনের শাসনে চলছে না। ক্ষমতার দম্ভে, আধিপত্য বিস্তারে সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছে। নানা ধরনের অস্ত্রের মহড়া প্রকাশ্যে প্রদর্শিত হচ্ছে।’
তারা বলেন, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের কমিটি গঠনকে সামনে রেখে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার কোনও বিচার হচ্ছে না। বিবৃতিতে হত্যা, হামলা, মামলা, দমন-পীড়নের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সোচ্চার হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।
