জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:৫৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের ভোটের সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারও প্রমাণ করলেন তারা জুলুমবাজ ও গণদুশমন। শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রল ও অকটেন আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাবের) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আঁচ করতে পেরে তারা মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন গ্যাস বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্যের দামও বাড়বে। সুতরাং এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এরফান, ডা. আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত