নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার রাকিবুল ইসলামকে (১৯) গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোনারপুর গুদাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংস্থাটি বলছে, গ্রেপ্তার যুবক জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার (৬ আগস্ট) এটিইউ-এর মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল ও তার সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। অনলাইনে যোগাযোগের মাধ্যমে জিহাদ ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করতো। তারা সহযোগীদের ফেসবুক আইডি, মেসেঞ্জারসহ বিভিন্ন যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।
গ্রেপ্তার রাকিবুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আশুগঞ্জে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এটিইউ এর এই কর্মকর্তা।
