মারধরের ঘটনায় জাবি ছাত্রলীগের ৭ কর্মী বহিষ্কার, তদন্ত কমিটি

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১০:০৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিজেদের সংগঠনের এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের সাত কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

মারধরের শিকার ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সজিব হাসান সাজ মাওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের কর্মী। অন্যদিকে বহিষ্কৃত সাত শিক্ষার্থী মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের কর্মী।

বহিষ্কৃতরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাব্বির হোসেন সাগর ও তোফায়েল আহমেদ গালিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কামরুল হোসেন চৌধুরী, রসায়ন বিভাগের সৌরভ ও খালিদ হাসান ধ্রুব, মার্কেটিং বিভাগের খালিদ সাইফুল্লাহ এবং ইংরেজি বিভাগের শাহরিয়ার হিমেল তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

এদিকে, মারধরের ঘটনা তদন্তে ফার্মেসি বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডুকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দিন শিকদার এবং সদস্যসচিব প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার গৌতম কুমার বিশ্বাস। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে মাওলানা ভাসানী হলের কয়েকজন ছাত্রলীগকর্মী। ওই ঘটনার জেরে মীর মশাররফ হল ছাত্রলীগের কয়েকজন কর্মী শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের সামনে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী সজিব হাসান সাজকে মারধর করে। পরে তিনি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে শৃঙ্খলা কমিটির জরুরি সভা থেকে অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত