নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:৩৩ পিএম

টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও টাইগাররা হেরেছে ৫ উইকেটে। এই হারে সফরকারিদের হাত থেকে ফসকে গেছে সিরিজটিও। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে। 

অভিষেক ম্যাচে টনি মুনিয়োঙ্গা চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৪৮তম ওভারে বোলিংয়ে আসা আফিফ হোসেনকে স্লগ সুইপে চার মেরে হারারেকে উল্লাসে মাতিয়েছেন মুনিয়োঙ্গা। ৫ উইকেটে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

অথচ ২৯০ রান তাড়ায় জিম্বাবুয়ের স্কোর এক সময় ছিল ১৫ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। সেখান থেকে রেজিস চাকাভা ও সিকান্দার রাজা করলেন শতক। গড়লেন ২০১ রানের রেকর্ড জুটি।

প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত