বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলিমাজানী এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।
মঙ্গলবার (০৯ আগস্ট) বেলা সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত স্টেশন থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকে। এতে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে, ঢাকা কমিউটার ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে, টাঙ্গাইলে কুড়িগ্রাম এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে চিত্রা ও দ্রুতযান এক্সপ্রেস থেমে থাকে।
ঘটনার প্রায় সোয়া ঘণ্টা পর ঢাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন দিয়ে ঠেলে ঠেলে বনলতা এক্সপ্রেস ট্রেন মির্জাপুর স্টেশনে আনা হয়। এরপর ট্রেন চলাচল শুরু হলে মৈত্রী এক্সপ্রেস ট্রেন বিকেল ৪টা ৪০ মিনিটে মির্জাপুর থেকে ঢাকার দিকে ছেড়ে যায়। এছাড়া বিকেল সোয়া পাঁচটায় কুড়িগ্রাম এক্সপ্রেস ও সাড়ে পাঁচটায় চিত্রা এক্সপ্রেস ট্রেন মির্জাপুর অতিক্রম করে।
বনলতা এক্সপ্রেস ট্রেনের চালক সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর অপর একটি ইঞ্জিন দিয়ে ঠেলে ট্রেনটিকে মির্জাপুরে নিয়ে আসা হয়।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় এই রেল সড়কে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
