জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন আজ শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আওয়ামী লীগপন্থি শিক্ষকরা তিনটি আলাদা পক্ষে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৩ জনের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি ও আচার্য। গতকাল বৃহস্পতিবার শিক্ষকদের তিনটি পক্ষের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে একটি পক্ষ অংশ নিচ্ছে। উপাচার্য সমর্থিত এ পক্ষের অন্য দুজন হলেন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর সভাপতি, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং শিক্ষক সমিতির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’- নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই পক্ষের অন্য দুই সদস্য হলেন প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর একাংশ আলাদা করে তিনজনের নাম ঘোষণা করেছে। এই পক্ষে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মো. মোতাহার হোসেন।
