ফেনীতে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, পুলিশের গুলি

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৯:৩১ পিএম

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে আয়োজিত ফেনী জেলা বিএনপির মিছিলে হামলা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ইসলামপুর রোডের ফেনী জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের ট্রাংক রোডে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করে। এরপর পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এ ঘটনায় কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডের জিরো পয়েন্টের দিকে আসছিল। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, তারা শহরের বড় বাজারের ইসলামপুর রোডে পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য জড়ো হন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। হামলায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, ছাত্রলীগ কারও ওপর হামলা করেনি। ছাত্রলীগ শান্তিপূর্ণ মিছিল করে ফিরছিল। এ সময় বিএনপির লোকজন শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন দোকানে ইট-পাটকেলে নিক্ষেপ করে ভাঙচুর চালায়। তারা গুলিও ছোড়ে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির সন্ত্রাসীদের ধাওয়া করে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করতে দুপক্ষকেই ধাওয়া করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ১৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত