তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ

ফেনীতে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, আহত ২০

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:১০ এএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর ও ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তুলনামূলক শান্তিপূর্ণভাবে বিএনপির এই কর্মসূচি পালিত হলেও বরিশাল ও ফেনীতে বিশৃঙ্খলা- সহিংস ঘটনা ঘটেছে। বরিশালে সমাবেশ করতে পারলেও মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। আর ফেনীতে বিএনপি ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত

ফেনীতে আহত ২০: ফেনী জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ইসলামপুর রোড়স্থ ফেনী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের ট্রাংক রোডে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করে। বিএনপির নেতাকর্মীরাও পাল্টা হামলা করে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। এতে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপি ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাঙ্ক রোডস্থ জিরো পয়েন্টের দিকে আসছিল। এসময় মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, তারা শহরের বড় বাজারের ইসলামপুর রোডে পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য জড়ো হন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। হামলায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, ছাত্রলীগ কারোর ওপর হামলা করেনি। ছাত্রলীগ শান্তিপূর্ণ মিছিল করে ফিরছিল। এ সময় বিএনপির লোকজন শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন দোকানে ইটপাটকেলে নিক্ষেপ করে ভাঙচুর চালায়। তারা গুলিও নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির সন্ত্রাসীদের ধাওয়া করে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করতে দুপক্ষই ধাওয়া করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশালে পুলিশের বাধা: গতকাল বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডের জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই অবৈধ সরকার আবারও প্রমাণ করেছে তারা জুলুমবাজ ও গণবিরোধী। শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে, তারপরও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও বরিশাল  দক্ষিণ জেলা বিএনপির  সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমানের যৌথ সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা দক্ষিণ জেলা বিএনপির  আহ্বায়ক মজিবুর রহমান প্রমুখ।

সমাবেশ শুরুর আগে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি নেতাকর্মীরা মিছিল সমাবেশস্থলে আসে। এসময় বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন ছিল। এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় এসে যোগ দেয়। সমাবেশ শেষে ছাত্রদল সদর রোডে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।

উল্লেখিত দুই জেলা ছাড়াও গতকাল দেশের বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালন করে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত