নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের লোকজন কাপড়ের দোকানের এক সেলসম্যানকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে আহত যুবকের বাবা মোস্তফা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
এর আগে গত ১০ আগস্ট রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হিমেল আলভী (২৬)। তার বাবা মোস্তফা জানান, হিমেল উপজেলার গাউছিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে আসছিলেন। বেশ কিছুদিন আগে স্থানীয় তারেক (২৪) নামে এক যুবক কাপড়ের দোকান থেকে ৩ হাজার ৬’শ টাকার কাপড় বাকিতে নেন। তারেক যথাসময় বাকি টাকা পরিশোধ না করে টাকা দিতে বিভিন্ন রকম টালবাহানা শুরু করেন।
হিমেল আলভী কয়েকবার তারেকের কাছে টাকা চাইলেও তিনি দেননি। গত ১০ জুন রাতে হিমেল আলভী টাকা দেওয়ার জন্য তারেককে ফোন দিয়ে নাহাটি এলাকার ব্রিজে যেতে বলেন।
হিমেল আলভী তার বন্ধু সুরুজ মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নাহাটি ব্রিজে টাকা আনতে গেলে তারেকসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ঘিরে ফেলেন। এ সময় তারেক তার হাতে থাকায় ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হিমেল আলভীর হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় বন্ধু সুরুজ মিয়া মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হিমেল আলভীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
