নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বদ্ধ জলাশয়ে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মান্দা উপজেলার কুলিহার গ্রামের শিমুল হোসেন (৩৩) এবং তার স্ত্রী জিনিয়া খাতুন (২৫)। জিনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
শিমুল হোসেনের চাচাতো ভাই আসাদুল ইসলাম বলেন, ‘আমার ভাই রাজশাহীতে ব্যবসা করতেন। সকালে তারা কী কাজে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল তা জানা নেই। ভাবী অন্তঃসত্ত্বা ছিলেন।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই দম্পতি সকালে রাজশাহী থেকে মাইক্রোবাসে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে মাটি বহনকারী একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লেকের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধারে কাজ চলছে।
