চাকরি খুঁজতে যাওয়ার পথে নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১:২৫ এএম

চাকরি খোঁজার উদ্দেশ্যে যাওয়ার পথে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবক। এ সময় ছিনতাইকারীরা তার সর্বস্ব ছিনিয়ে নিলেও পকেটে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায়।

পরে নিহতের লাশ তার বোনের স্বামী শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এসে শনাক্ত করেছেন।

নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।

নিহতের ছোট বোন জামাই সফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সাইফুল বেকার। তাই তাকে আমার মুন্সিগঞ্জের কর্মস্থলে আসার জন্য বলি। এখানে আসলে তাকে একটি চাকরি সংগ্রহ করে দিবো। এ জন্য শনিবার রাতে শেরপুর থেকে বাসে এসে রবিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামে। এখান থেকে মুন্সিগঞ্জে আসার জন্য আমাকে ফোন করে। তখন তাকে বলছি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছুক্ষণ পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত