যুক্তরাষ্ট্রে হামলার শিকার বুকারজয়ী লেখক সালমান রুশদির ওপর হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা সুস্পষ্টভাবে নাকচ করে দিয়েছে দেশটি। উল্টো এই হামলার জন্য রুশদি ও তার ভক্তরাই দায়ী বলে মনে করে ইরান।
বিবিসি জানিয়েছে, রুশদির ওপর হামলার পর গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই, ইসলামিক রিপাবলিকের ওপর এরকম অভিযোগ তোলার অধিকার কারও নেই।’ বাকস্বাধীনতার নামে ধর্মকে অপমান করে রুশদির লেখাগুলোর সাফাই গাওয়া যায় না উল্লেখ করে তিনি এই হামলার জন্য খোদ রুশদি ও তার ভক্তদের দায়ী করেন।
হামলাকারীর ব্যাপারে গণমাধ্যম প্রকাশিত তথ্যের চেয়ে আলাদা কোনো তথ্য ইরানের হাতে নেই বলেও জানান তিনি। ইরানের পররাষ্ট্র মুখপাত্রের এই বিবৃতির আগে রুশদিকে নিয়ে ইরানি গণমাধ্যমের সমালোচনা ও নিন্দা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। কারণ রুশদির ওপর হামলাকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে অভিহিত করে ইরানের গণমাধ্যম। ‘শয়তানের এক চোখ অন্ধ হয়ে গেছে’Ñ হামলায় রুশদির এক চোখ হারানোকে এভাবেই প্রকাশ করে ইরানের ডেইলি জাম-ই-জাম নামের সংবাদপত্র।
