নতুন প্রজেক্টের ব্যাপারে 'সবকিছু গোপন' রাখতে বললেন আলী হাসান

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৮:০৮ পিএম

'আস্তেধীরে করি অত ব্যস্ততা তো নাই, আপনার কি চান না একটা ভালো গান গাই?'- নতুন গান কবে আসছে এমন প্রশ্ন করা হলে এভাবেই উত্তর দেন হালের ট্রেন্ডসেটার র‍্যাপার আলী হাসান। বলেন, এখন তো আর আগের মতো যা খুশি তাই করা যাবে না। দেশে-শুনে-বুঝে করতে হবে। পরেরটা এর চেয়েও ভালো করতে হবে। 

বলেন, 'আমি হারিয়ে যেতে চাই না, মানুষের মনে গেঁথে থাকতে চাই।'

নব্বই দশকের মাঝামাঝি ত্রিরত্নের ক্ষ্যাপা দিয়ে বাংলাদেশে যে র‍্যাপ বা হিপহপ গানের জোয়ার শুরু হয়েছিল তা ধীরে ধীরে থেমে যায় নব্বইয়ের শেষের দিকে। এর পর আবার তা শুরু হয় ২০০৮ সালের দিকে। এই জোয়ার চলে প্রায় ছয় বছর। আর এখন অনেক গানেই র‍্যাপ অংশ ব্যবহার করা হয়। অনেকটা ফিউশনের মতো। যার একটা বড় উদাহরণ হতে পারে জনপ্রিয় কণ্ঠশিল্পীর মমতাজের গাওয়া 'লোকাল বাস'। 

তবে মৌলিক র‍্যাপ আর এখন প্রায় শোনাই যায় না। ফিউশনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে তা।

র‍্যাপের এই দুঃসময়ে আশা জাগাল আলী হাসানের গাওয়া ও জি সিরিজের প্রযোজনায় প্রকাশিত গান 'ব্যবসার পরিস্থিতি'। অত্যন্ত সাধারণ-কথ্য ভাষার ব্যবহার, কিছু অড-টোন, কিছু বাজে ইঙ্গিত সত্ত্বেও শ্রুতিনন্দন ও সফিসটিকেটেড মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য এটি প্রকাশের সাথে সাথেই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। 

১১ আগস্ট অবমুক্ত গানটি এর মধ্যেই প্রায় ২৮ লাখ মানুষের ভিউ কুড়িয়ে নিয়েছে। বন্ধুদের আড্ডায় ছন্দেতালে গান গাওয়া সাধারণ ছেলেটা হুট করেই হয়ে গেছেন সেলেব্রিটি। রীতিমতো তারকা। 

'ভাই, এতটা আশা করি নাই। আমি খুব সাধারণ মানুষ। আমার চাহিদাও সাধারণ। আমি এমনই থাকতে চাই। আমারে আপনারা স্টার বানাইয়েন না।' বার বার এ কথাই বলছিলেন 'ব্যবসার পরিস্থিতি' খ্যাত আলী হাসান। আগামী প্রজেক্ট নিয়েও কথা বললেন, তবে বললেন বিষয়টি গোপন রাখতে। যেহেতু কথা দিয়েছি, তাই গোপন রাখছি।

শ্রোতা, তৈরি হন আলী হাসানের নতুন গান শোনার জন্য। নতুন কোনো চমকের জন্য। একটা অন্যরকম কিছু শোনার জন্য। আপনিও তৈরি হন, ওদিকে তৈরি হচ্ছেন দ্বিতীয় দশকের নতুন র‍্যাপার- আলী হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত