বাজারের অগ্নিমূল্যে পুড়ছে সাধারণ মানুষ: এমরান সালেহ প্রিন্স

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৮:৩১ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই জর্জরিত, তার ওপর লোডশেডিং, জ্বালানি তেল, সারসহ প্রতিটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের ব্যর্থতায় প্রতিটি পণ্যের অগ্নিমূল্য জনবিচ্ছিন্ন সরকারের গায়ে উত্তাপ লাগে না, কিন্তু জনগণ পুড়ছে।

বুধবার (১৭ আগস্ট) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বালিগাঁও বাজারে 'হাট সভা'র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, যে সরকার জনগণকে শোষণ করছে, যারা জনগণের কষ্ট বোঝে না, জনগণের কথা চিন্তা না করে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেয়, যারা ভোটাধিকার কেড়ে নেয়, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিগত ১৪ বছর সরকার বিএনপির সাথে চরম ফ্যাসিবাদী আচরণ করেছে। ৩৬ লাখ নেতাকর্মীর নামে গায়েবি মামলা, ছয় শতাধিক নেতাকর্মী গুম, সর্বোপরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায়, নিষ্ঠুর আচরণ, নিয়ন্ত্রিত রাজনীতি, নিয়ন্ত্রিত নির্বাচন যদি প্রধানমন্ত্রীর উদারতা হয়ে থাকে, তবে কঠোরতা কেমন হবে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেদের ফ্যাসিবাদী শাসন,নিষ্ঠুরতা,অগণতান্ত্রিক ও গণ বিরোধী চরিত্র আড়াল করতে জনগণকে উদারতার ছবক দিচ্ছেন।

তিনি বলেন, সরকারের উদারতার নমুনা এ দেশের মানুষ ১৪ বছর যাবত দেখছে। দেশি-বিদেশি চাপে হয়তো এখন সভা, সমাবেশে বাধা দিতে পারছে না, কিন্তু দমন, নিপীড়ন, হত্যা, নির্যাতন অব্যাহত আছে। এসব মোকাবেলা করে বিএনপি টিকে আছে, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে।
  
তিনি বলেন, সরকারের দুর্নীতি, দুঃশাসনে দেশ আজ খাদের কিনারায়। অবিলম্বে নিত্যপণ্য, জ্বালানি তেল, সারের দাম কমানো এবং লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানান তিনি।

৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হাটসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা যুবদলের নয়ন মিয়া, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ঘোষগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আকন্দ শাওন, যুবদল নেতা আল আমিন মিয়া প্রমুখ।

পরে এমরান সালেহ প্রিন্স বালিগাঁও বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

এর আগে, এমরান সালেহ প্রিন্সসহ ধোবাউড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ঘোষগাঁও ইউনিয়নের বামন বঁধুয়া গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপির সদ্য প্রয়াত সভাপতি সাবেক গ্রাম সরকার প্রধান আবদুল মান্নান সরকারের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার বাড়িতে পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত