দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সফরত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফির শাখার প্রধান ররি মুনগোবেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার প্রতিনিধি দল রনি মুনগোবেনের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ, তাবিথ আউয়াল, মানবাধিকর বিষয়ক কমিটির ব্যারিস্টার আবরার ইলিয়াস।
প্রায় ৫০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে এসে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের কাছে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাকে বলেছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে। আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন সময়ে।’
হাইকমিশনার কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিডব্যাক দেবেন না আমাদেরকে।'
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা (গণমাধ্যম কর্মীরা) যেভাবে দেখেন বিএনপি সেভাবেই দেখে। সারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারাও জানেন, সকলে জানে।’
রবিবার (১৪ আগস্ট) চারদিনের সফরে বাংলাদেশে আসেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।
