কেরানীগঞ্জে দিনেদুপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে লুট

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:২৯ এএম

ঢাকার কেরানীগঞ্জে দিনেদুপুরে ককটেল ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা আল আমিন জুয়েলার্স নামে ওই দোকানের মালিক স্বপন চন্দ্রের পায়ে গুলি করে বেশ কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মালিকপক্ষের দাবি, তাদের প্রায় ৫০০ ভরি স্বর্ণ লুট হয়েছে।

গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় জুয়েলার্সের মালিককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।   

জুয়েলার্সের মালিকের আত্মীয় দুর্জয় বলেন, ‘হঠাৎ কয়েকজন যুবক ককটেল বোমা ফাটিয়ে দোকানে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার মামা স্বপনের ডান হাঁটুতে গুলি করে এবং প্রায় ৫০০ ভরি স্বর্ণ লুট করে চলে যায়’ ।  

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ‘দিনেদুপুরে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনায় আমরাও বিচলিত। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, তবে আমরা বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। আশা করছি দ্রুতই আসামিদের গ্রেপ্তার সম্ভব হবে’।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালংকার ছুড়ে মারা ডাকাতদের একটি কৌশল। জনতা যেন তাদের পথরোধ না করে সেজন্যই তারা স্বর্ণালংকার ছুড়ে মেরেছে। পুলিশ রাস্তা থেকে বেশ কিছু স্বর্ণ উদ্ধার করেছে। তবে সেগুলোর পরিমাণ কতটুকু বা কী পরিমাণ স্বর্ণালংকার লুট হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত