সাভারে সাংবাদিককে মারধর, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৬:১৪ পিএম

ঢাকার সাভারে উপজেলা চত্বরে দৈনিক তৃতিয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানার ওপর হামলার ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, ভোরে সাভার পৌরসভার শাহীবাগ মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাভেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে ও সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আগেও সাভার প্রেসক্লাবে ঢুকে ক্লাবের সিনিয়র সাংবাদিকদেরকে গালিগালাজ ও লাঞ্চিত করার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে।

থানা পুলিশ জানায়, সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় মামলার তদন্তে পাভেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাভেল মামলার অজ্ঞাত আসামি ছিলেন। হামলার ঘটনায় সাংবাদিকের মামার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামি আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীম ও মহসিন বাবু আদালত থেকে জামিন নিয়েছেন।
 
অজ্ঞাত আসামিদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে উল্লেখ করে এসআই রাসেল আরও বলেন, গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলার ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

প্রসঙ্গত, রবিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে সাভার উপজেলা চত্বরে হামলাকারীরা সাংবাদিক সোহেলকে বেধড়ক মারধর করে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বাসায় অবস্থান নেয়। সেদিন রাতেই হামলার ঘটনায় সোহেলের মামা আশরাফুল ইসলাম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। ওই হামলায় গুরুতর আহত সাংবাদিক সোহেল রানা বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত