ঢাকার সাভারে উপজেলা চত্বরে দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানার ওপর হামলার ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহমেদকে (৪০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে সাভার পৌরসভার শাহীবাগ মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাভেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আগেও সাভার প্রেস ক্লাবে ঢুকে জ্যেষ্ঠ সাংবাদিকদের গালাগাল ও লাঞ্ছিতের পাশাপাশি সাংবাদিকের ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্তে পাভেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাভেল মামলার অজ্ঞাত পরিচয় আসামি। হামলার ঘটনায় সাংবাদিক সোহেলের মামার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
