চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, লিটন (৪৫) ও আশরাফ (২৭)। দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকালে নারায়ণপুর বাজারের পাশে আবুল বাশার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের কাজ করতে লিটন ও আশরাফ ট্যাঙ্কের ভেতরে নামেন।
এরপর বেশ কিছুক্ষণ সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা উঁকি দিয়ে দেখেন ওই দুজন অচেতন হয়ে পড়েছেন। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লিটন ও আশরাফকে মৃত অবস্থায় উদ্ধার করে।
লিটন ও আশরাফ নারায়ণপুর বাজারের পাশের পুটিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে লিটন ওই ভবনসহ সেপটিক ট্যাঙ্ক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন। আর তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আশরাফ।
