মোহনগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৬:০৭ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

শনিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের বাসিন্দা মুনসুর আলম (৫০), তার স্ত্রী আইরিন আক্তার (৪৫), ছেলে জুলফিকার হাসান মুক্ত (২১), ভাবি কণা আক্তার ((৪০), ভাতিজা অপু (১৭) এবং একই এলাকার মেহেদি হাসান মেরাজ (৩২), ফুলেদা (৪০) ও তন্বী (২৫)। বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আইশ্যল গ্রামের শান্তু মিয়া ((৫৫), বাবুল মিয়া (৬০) ও রাহিছ মিয়া (৬৫)। তাদের বাড়ি বারহাট্টা হলেও ১০-১২ বছর ধরে তারা মোহনগঞ্জে বসবাস করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১২-১৩ বছর আগে পৌরশহরের দৌলতপুরে মুনসুর আলমের কাছ থেকে আট শতাংশ জায়গা এক লাখ ২০ হাজার টাকায় কিনেন বারহাট্টার আইশ্যল গ্রামের শান্তু মিয়া ও বাবুল মিয়া। এরমধ্যে ৮০ হাজার টাকা দিয়ে বাকি টাকা দেননি। কেনা-বেচাসহ সবকিছুই মৌখিকভাবে সম্পন্ন হয়। এসবের কোন কাগজপত্র নেই। এত বছর আর খোঁজ খবরও নেননি তারা। পুরো টাকা না দিলেও সম্প্রতি জায়গা দলিল করে বুঝিয়ে দেওয়ার জন্য মুনসুর আলমকে চাপ দেন শান্তু মিয়া ও বাবুল মিয়া। এনিয়ে স্থানীয়রা গত ৭-৮ দিন আগে কাউন্সিলরসহ নেতৃবৃন্দের মাধ্যমে সালিসে বসে। সালিসে ৮০ হাজার টাকা মূল্যে জায়গার পরিবর্তে তিন লাখ টাকা ১৫ দিনের মধ্যে শান্তু মিয়া ও বাবুল মিয়াকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সালিসের সিদ্ধান্ত টাকা পরিশোধের নির্ধারিত সময়ের আগেই শনিবার ভোরে কাউকে না জানিয়ে বারহাট্টার আইশ্যল থেকে অর্ধশত লোক নিয়ে এসে ওই জায়গায় ঘর তুলতে শুরু করে শান্তু মিয়া ও বাবুল মিয়া। 

এসময় তারা দেশীয় অস্ত্র ও ঘরের রেডিমেড বেড়া সঙ্গে নিয়ে আসে। এতে মুনসুর আলম বাধা দিলে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সবাইকে বেধড়ক পিটিয়ে ঘরের ভেতর বেঁধে ফেলে। পরে তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করে শান্তু মিয়া ও বাবুল মিয়ার লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এঘটনায় দুপুরে মুনসুর মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের শান্তু মিয়া, বাবুল মিয়া ও রাহিছ মিয়াসহ ১৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড প্রক্রিয়াধীন আছে। এবিষয়ে তদন্ত করে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত