এমন কি হলো যে টি-টোয়েন্টি ফরম্যাটের হেড কোচ পদে রদবদল আনা হলো? রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে শ্রীরামকে আনা হচ্ছে কেন? তবে কি হেড কোচ ডোমিঙ্গোর পারফরমেন্সে সন্তুষ্ট না হয়ে চরম হতাশ বিসিবি? তাই যদি হবে, তাহলে শুধু সব ফরম্যাট থেকেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন?
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো থাকা সত্বেও টি-টোয়েন্টিতে বিসিবির টেকনিক্যাল কনসালটেন্ট নিয়োগের পর এসব প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে, ডোমিঙ্গোর টি-টোয়েন্টি দর্শনের সঙ্গে বিসিবির ভাবনা মিলছে না। তাই এমন রদবদল।
ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামীকাল রবিবার তিনি টাইগারদের সঙ্গে যোগ দিতে আসছেন ঢাকায়। টাইগারদের সঙ্গে কাজ করবেন ভেবেই এই ভারতীয় রোমাঞ্চিত বলেও এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি।
কিন্তু প্রধান কোচ থাকা সত্বেও কেন এমন রদবদল জানতে চাইলে বিসিবির গেম ডেভোলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আসলে ডোমিঙ্গো টি-টোয়েন্টি ফরম্যাটের গতি, প্রকৃতি আর দর্শনের সঙ্গে তাল মেলাতে পারছেন না। তার টি-টোয়েন্টি দর্শনেরে সঙ্গে বিসিবির ভাবনা মিলছে না। তাই তাকে সরিয়ে আগামী তিন মাসের জন্য ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট শ্রীরামকে এই ফরম্যাটে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
এ নিয়ে জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন বলেন, ‘দেখেন প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। আমার ফিলোসফি আলাদা এবং আপনার ফিলোসফি দুইটা আলাদা। ঠিক তেমনি কোচের ফিলোসফি ও আলাদা। সত্যি বলতে, তবে ওর ফিলোসোফি যেটা সেটা হয়তোবা আমাদের সঙ্গে ম্যাচ করছে না।’
সুজন যোগ করেন, ‘সবার জানা, বোঝাই যাচ্ছে যে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে পারফর্ম করতে পারছি না। সুতরাং দেশের জন্য, ক্রিকেটের জন্য যদি ডিফারেন্ট ফিলোসফি আসে তাহলে অসুবিধা কি। দেখা যাক, এ নতুন চিন্তা ভাবনায় কি হয়?
সুজনের শেষ কথা, ‘তাই আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পারি যেটা আমরা ওয়ানডেতে করতে পারি না। তবে হয়ত টেস্ট ম্যাচেও আমরা এরকম কিছু করতে পারি। দেখুন এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে স্টেবল হতে পারছি না।’
টাইগারদের টিম ডিরেক্টর সুজনের ধারনা, রাসেল ডোমিঙ্গোও এতে দ্বিমত প্রকাশ করবেন না। আসলে বিসিবি শ্রীধরন শ্রীরামকে তিন মাসের জন্য টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে দেখতে চাচ্ছে কি হয়। এখন যে অবস্থা, তার সঙ্গে কোনো পার্থক্য চোখে পড়ে কি না! সবকিছু মিলে নতুন কিছুর দেখা মেলে কি না!
