সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার অভাবেই দেশে বেশিরভাগ দেওয়ানি মামলার সৃষ্টি এবং এ থেকে বড় আকারের মামলাজট তৈরি হয় বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ফৌজদারি মামলারও অন্যতম কারণ ভূমি বিরোধ।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমমর্যাদার বিচারকদের ৪৫ ও ৪৬তম ‘ভূমি জরিপ সংক্রান্ত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ এবং আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। তাই আগামী প্রজন্মের জন্য খাদ্যের নিশ্চয়তা ও আবাসনসহ উন্নত জীবনযাত্রার জন্য আধুনিক ভূমি ব্যবস্থাপনা অপরিহার্য হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব অনুধাবন করেই সরকার ‘ই- রেজিস্ট্রেশন’ প্রক্রিয়া শুরু করেছে।’
