কে কত জনপ্রিয় তা আগামী নির্বাচনে প্রমাণ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে নির্বাচন, অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ কী চায় তাও প্রমাণ হয়ে যাবে।
তিনি বলেন, ‘৭৫-এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা।
রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আপনারা সমাবেশ করেন, মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা।
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন পাঁচ শ’ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছিলেন। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অনেকেই এসেছেন এখানে। বঙ্গবন্ধুকন্যা তাদের খোঁজখবর রেখেছেন। তিনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেনেড হামলার প্রধান লক্ষ্য ছিলেন বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা না থাকলে আজকে কী হতো বাংলাদেশের? কোথায় হতো পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট?
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা এত কিছুর পরও আপনাদের সঙ্গে সংলাপে বসেছেন। তারপরও আপনারা বলেন- তার জনপ্রিয়তা তলানিতে। আপনারা নয়াপল্টনে আর প্রেসক্লাবে সমাবেশ করে বলেন -আমাদের জনপ্রিয়তা তলানিতে।
