ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুইটি ট্রলার থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (২১ আগস্ট) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোংলা বন্দরের আকরাম পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকা থেকে বিকল এফবি ‘রিভার মেট’ নামক ফিশিং ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। আর বঙ্গোপসাগরের মহিপুর মোহনা থেকেও ৬ নটিক্যাল মাইল গভীর সাগর থেকে ইঞ্জিন বিকল এফবি ‘মায়ের দোয়া’ ট্রলার থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
ঝড়ের কবলে পড়ে ট্রলারের ক্রাংকশ্যাফট ও পিস্টন ভেঙে যাওয়ায় ৫ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিলো ট্রলার দুটি। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
