নিজেদের শক্তিমত্তা এশিয়া কাপে প্রয়োগ চান সাকিব

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০১:৩৫ পিএম

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। শেষ মুহূর্তের অনুশীল হিসেবে নিজেরা বিভক্ত প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রস্তুতি শেষে আগামীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগরারা। এই আসর থেকেই ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তার আগে আজ দুপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হলেন নতুন অধিনায়ক। জানালেন খেলার ধরণ নয়, মাঠে নিজেদের শক্তিমত্তার যথাযথ প্রয়োগ করতে চান তিনি।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই হতাশজনক। ১২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মাত্র ৪৩টিতে জয় পেয়েছেন সাকিবরা। বড় অর্জন বলতে ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনাল। মাঝে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে সিরিজ হারিয়েছে উইকেটের সহায়তায়। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে হতাশাজনক ফল নিয়ে দেশে ফিরতে হয়েছে রিয়াদদের। তাছাড়া পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এমনকি জিম্বাবুয়ের সঙ্গে পর্যন্ত এই সংস্করণে সিরিজ হারের স্বাদ পেতে হয়েছে টাইগারদের।

সবশেষ ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটিতে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আটটিতে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বিসিবির আস্থা সাকিবের প্রতি। কিন্তু রাতারাতি পরিবর্তনের সুযোগ দেখেন না তিনি। হাতেও সময় অল্প। বেশিদূর না গিয়ে আপাতত ভাবনায় শুধু রাখতে চান এশিয়া কাপ।

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেছেন, ‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারবো না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’

এশিয়া কাপ শুরু হয়ে যাবে আগামী শনিবার থেকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রয়েছে দুই মাসের মতো সময়। এ সময়ের মধ্যে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। তবে সময়ের পুরোটা কাজে লাগিয়ে যতটা সম্ভব উন্নতির বার্তা দিলেন টাইগার অধিনায়ক।

তার ভাষ্য, ‘আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’

সাকিব আরও যোগ করেন, ‘এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত