সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১৬ দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুলশিক্ষার্থী মো. সোহানের (১৩)। এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তারা। পুলিশ বলছে, ওই শিক্ষাথীর কাছে সেলফোন না থাকায় লোকেশন শনাক্ত করা যাচ্ছে না।
গত ৬ আগস্ট সোমবার সকালে বাসা থেকে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন। নিখোঁজের দিন তারা দুপুরে খেতে এসে ছেলেকে পাননি। সোহান আশুলিয়ার বাংলাবাজার ইটখোলা এলাকার বর্ণ পরিচয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ওইদিন সে স্কুলে যায়নি বলে জানিয়েছেন বাবা-মা।
সোহানের বাবা সুমন প্রামাণিক বলেন, ‘আমি ও আমার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করি। আর আমার ছেলে আমার বাসা সংলগ্ন একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৬ আগস্ট সোমবার সকালে আমি এবং ওর মা ছেলেকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। দুপুরে বাসায় খেতে এসে ছেলেকে না পেয়ে ওর স্কুলে ফোন করে জানতে পারি সে স্কুলে যায়নি। এরপরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাকে আর পাওয়া যায়নি।
আশুলিয়া থানার এসআই মো. ইউনুছ আলী বলেন, ওই ছেলের কাছে সেলফোন নেই যে লোকেশন ট্র্যাক করে তাকে সন্ধান করব। তবে ইনকোয়ারি ইনফরমেশনের জন্য সব থানায় তার তথ্য দেওয়া হয়েছে।
