বড় হামলা চালাবে রাশিয়া, মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৬:৪৯ পিএম

ইউক্রেনের বেসামরিক ও সরকারি স্থাপনাগুলোর ওপর বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা, এমন সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সতর্কতামূলক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের কাছে তথ্য আছে যে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের বেসামরিক ও সরকারি স্থাপনাগুলোর ওপর বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। 

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সোমবার জানতে পেরেছেন ইউক্রেনের বেসামরিক স্থাপনার ওপর হামলা জোরদার করবে রুশ সেনারা। 

তাছাড়া ইউক্রেনে বসবাসরত মার্কিনিদের সতর্কতা দিয়ে বলা হয়েছে, যারা এখনো ইউক্রেনে আছেন তারা যেন দ্রুত ইউক্রেন ত্যাগ করেন। আর থেকে গেলে বাসার বেজমেন্ট ও যেখানে দরজা ও জানালা কম সেখানে অবস্থান নেওয়া এবং দরজা-জানালা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রবিবার স্থানীয় সময় রাতে হুঁশিয়ারি দেন, রাশিয়া ইউক্রেনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘৃণ্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত