প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:১১ পিএম

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে ভোর ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১২টায় প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এছাড়া দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশিত হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশিত হবে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় ও কেন্দ্রীয়  নেতৃবন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করবেন। অনুরুপভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সকল ইউনিট বিএনপি স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভা, র‌্যালি ইত্যাদি কর্মসূচি পালনে তারা উদ্যোগ নেবেন।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজধানীর রমনা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু। সংবাদ সম্মেলনে প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জিয়াউর রহমান। বিএনপির প্রধান বৈশিষ্ট্য ছিল দলটির প্রায় ৪৫ শতাংশ সদস্য ছিলেন তরুণ।

গুম দিবসে মানববন্ধন করবে বিএনপি

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ওই দিন সারাদেশে জেলা ও মহানগরে কর্মসূচি পালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত