কর্র্তৃত্ববাদী কোনো সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচনের ওপর সাধারণ মানুষের কোনো আস্থা নেই। দেশের সাধারণ মানুষ মনে করছে, কারচুপি করতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোটগ্রহণ করতে চাচ্ছে ক্ষমতাসীনরা।’ গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগ নেতাদের স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। ১৯৯০ সালের পর থেকে বারবার সংবিধান কাটাকাটি করে এক ব্যক্তির শাসন কায়েম করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এখন সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে। একই নির্বাচন কমিশন নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলেও দলীয় সরকারের অধীনে তা সম্ভব হয়নি।
