বয়কট প্রসঙ্গে 'লাইগার' বিজয়- 'দেখে নেব কে থামাতে পারে'

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৪:৪৩ পিএম

টুইটারে এখন 'বয়কট' ট্রেন্ড চলছে। একের পর এক বলিউডের সিনেমা নানা কারণে বয়কট করছে নেটিজেনরা। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পীরা। সম্প্রতি আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত 'লাল সিং চাড্ডা'-র বয়কট দিয়ে শুরু এই ট্রেন্ড। এর মধ্যেই এই বয়কট ট্রেন্ডের সমালোচনা করেও সংবাদমাধ্যমে মুখ খুলেছে ইন্ডাস্ট্রির অনেকেই। এ বার বয়কটের তালিকায় নাম উঠল বিজয় দেবেরাকোন্ডা অভিনীত 'লাইগার' সিনেমা।

অনন্যা পাণ্ডে ও বিজয় অভিনীত 'লাইগার' ছবিটির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হওয়ার কথা দক্ষিণী তারকার। ২৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে মুক্তির দু'দিন আগেই বয়কটের ডাক দিল নেটিজেনদের একাংশ।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এ বিষয় মুখ খুললেন বিজয়। সংবাদমাধ্যমের কাছে তিনি পরিষ্কার জানান, 'কোনো কিছুতেই ভয় পাচ্ছি না। মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে। সকলের ভালোবাসা সঙ্গে আছে। দেখে নেব কে থামাতে পারে।'

অভিনেতা আরও বলেন, 'আমি এখানে পৌঁছানোর জন্য অনেক সংগ্রাম করেছি। আমি যখন কম বয়সী ছিলাম, আমাকে সেই সময় সম্মান এবং অর্থের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার কাছে টাকা ছিল না, আমি আমার প্রথম কাজ বিনামূল্যে করেছিলাম। আমার প্রথম বক্স অফিসে হিট করা ছবি অর্জুন রেড্ডি মুক্তি পায়। মানুষ আমাকে আমার কাজের জন্য চেনে।'

লাইগার ছবিটি বয়কটের নেপথ্য কারণ হিসেবে কার্যত উঠে এসেছে 'লাল সিং চাড্ডা' বয়কটের বিষয়টি। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে 'লাল সিং চাড্ডা' ছবিটিকে নিয়ে কিছু বিবৃতি দিয়েছিলেন তারকা। তিনি বলেছিলেন, 'একটি ফিল্ম বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আপনি শুধুমাত্র আমির খানকে প্রভাবিত করছেন না। আপনি হাজার হাজার পরিবারকে প্রভাবিত করছেন যারা এর ফলে তাদের কাজ হারাচ্ছে। আমির স্যার এমন একজন অভিনেতা যিনি দর্শকদের হলে টেনে আনেন। আমি জানি না কেন এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। এটি বড় মাপের ছবি।'

এই একই ঘটনা কিছুদিন আগেই ঘটেছে হৃত্বিক রোশানের 'বিক্রম ভেদা' ছবিকে কেন্দ্র করে। বয়কট করা ছবির স্বপক্ষে কোনো মন্তব্য করলেই তার ছবির ওপর ঝরছে ক্ষোভ। পুরী জগন্নাথ পরিচালিত এই ছবিটি হিন্দি, মালায়লম, তেলেগু, তামিল, এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। এত কিছুর পরও বক্স অফিসে কতখানি ম্যাজিক দেখাতে পারে এই ছবি সেটাই এখন দেখার। সূত্র : হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত