তেলের কমিশন বৃদ্ধি চেয়ে পাম্প বন্ধের হুমকি

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০১:৪০ এএম

তেল বিক্রির কমিশন বাড়ানো ও তেলের পাম্পে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অংশগ্রহণ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি মানা না হলে ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত তেলের পাম্প বন্ধ রাখার হুমকি দিয়েছে জ¦ালানি তেল ব্যবসায়ীদের সংগঠনটি।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক বলেন, ‘২০১৩ সালে আমাদের তেল বিক্রিতে কমিশন অকটেন ও পেট্রলে ৪ দশমিক ৭৫ শতাংশ ও ডিজেলে ৩ দশমিক ২২ শতাংশ নির্ধারিত ছিল। আমরা ২০১৬ সাল থেকে এ কমিশন বাড়িয়ে ৭ শতাংশ করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সেটা না করে শতাংশের বদলে পয়সার হিসাব নির্ধারণ করা হয়েছে। ফলে তেলের দাম বাড়লেও আমাদের কোনো লাভ হয়নি; বরং শতাংশের পরিমাণ কমে পেট্রল-অকটেনে ৩ দশমিক ৭৮ শতাংশ ও ডিজেলে ২ দশমিক ৫৬ শতাংশ হয়ে গেছে।’

ভোক্তা অধিকারের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তার সমালোচনা করে তিনি বলেন, তেলের পাম্পে অনিয়মের নামে ঢালাওভাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিপিসির একজন প্রতিনিধি থাকার কথা থাকলেও তাদের না নিয়ে শুধু ম্যাজিস্ট্রেট গিয়ে অভিযান পরিচালনা করেন। এটা পাম্পমালিকদের ওপর জুলুম বলে মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত