বিশেষজ্ঞ ছাড়া অস্ত্রোপচার চিকিৎসায় ওটিবয়

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০১:৪৪ এএম

গাজীপুরের কালীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ সদস্যদের চালানো অভিযানে গ্রেপ্তার ছয়জন হলো- হাসপাতালটির এমডি বন্যা আক্তার (৩১), ওটি বয় ও চিকিৎসকের সহকারী মো. আশিকুর রহমান (২৫), সিনিয়র নার্স সংগিতা তেরেজা কস্তা (৩৩), জুনিয়র নার্স মেরী গমেজ (৪০), সনদবিহীন নার্স সীমা আক্তার (৩৪) ও রিসিপশনিস্ট শামীমা আক্তার (৩২)।

র‌্যাব কর্মকর্তারা জানান, গত রবিবার কালীগঞ্জের জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ পজিটিভ রক্তের বদলে বি পজিটিভ রক্ত দেওয়ার পর ঢাকায় নেওয়ার পথে প্রসূতি শিরিন বেগমের (৩২) মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের  লাইসেন্সের মেয়াদ ২০২১ সালের ৩০ জুন শেষ হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্সের মেয়াদও গত ৩০ জুন শেষ হয়। র‌্যাবের অভিযানে ওই প্রসূতির চিকিৎসাসংক্রান্ত ও হাসপাতাল পরিচালনার মেয়াদোত্তীর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, ২০১৮ সালে ৮ জনে যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হয় জনসেবা জেনারেল হাসপাতালে মাসে গড়ে ২৫-৩০টি সিজারিয়ানসহ ৫০টির বেশি বিভিন্ন অস্ত্রোপচার করা হতো। গত ২১ আগস্ট সকালে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিন বেগমের প্রসব বেদনা ওঠে। পরে অস্ত্রোপচারের জন্য শিরিনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ওটি বয় আশিকের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও আল্টাসনোগ্রাম করে শিরিনকে ওটিতে (অস্ত্রোপচার কক্ষ) নেওয়া হয়। সেখানে গাইনোকলজিস্ট না হয়েও মাসুদ নামে এক চিকিৎসক শিরিনের অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে রক্তপাত শুরু হলে রোগীর পরিবারের সংগ্রহ করা এবি পজেটিভ এক ব্যাগ রক্ত দেওয়া  হয়। পরে আরও রক্তের প্রয়োজন হলে কর্তব্যরত নার্সরা প্রসূতির শরীরে বি পজেটিভ গ্রুপের রক্ত পুশ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুর-ই-এলাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক সানজিদা পারভীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন- ডা. মুনমুন আক্তার এবং ডা. মো. ইমরান হোসেন (অ্যানেস্থেসিয়া)। এই কমিটিকে তিন কার্র্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত