রোহিঙ্গা ইস্যু সমাধানে ব্রিটিশ সরকারের পাশাপাশি বিভিন্ন দেশের চাপ বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ইউএনডিপি) প্রকল্প পরিদর্শন শেষে চাঁদপুর পৌরসভায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
ডিকসন বলেন, আজ রোহিঙ্গা ট্র্যাজেডির পঞ্চম বর্ষপূর্তি। রোহিঙ্গারা অনেক ভাগ্যবান, যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তখন এ দেশের সরকারের কাছ থেকে অভূতপূর্ণ সহযোগিতা পেয়েছে। রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি খুব সহজ নয় যে এত তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে। এ জন্য আমাদের সঙ্গে অন্যান্য দেশের হস্তক্ষেপ প্রয়োজন। রোহিঙ্গারা যদি চায়, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে দিতে চাই।
‘আমরা যখনই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো তখনই তাদের দেশে ফিরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তারা যদি এদেশেই থাকতে চায় তাহলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে অবশ্যই তাদের স্বাভাবিক জীবনমান, রোহিঙ্গা শিশুদের লেখাপড়া ও সার্বিক বিষয় নিশ্চিত করা প্রয়োজন।’
তিনি দুই দিনের সফরে চাঁদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প এর বাস্তবায়িত কাজ মাঠ পর্যায়ে পরিদর্শন করেন।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারীসহ চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
