শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা

একাই হাঁটছেন মিজানুর রহমান, রবিবার পৌঁছাবেন শ্রম মন্ত্রণালয়

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৯:১৫ পিএম

চা-শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবির প্রতি সংহতি জানিয়ে গত ২২ আগস্ট সকাল ১১টা থেকে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন জনস্বার্থকর্মী মোহাম্মদ মিজানুর রহমান। 

হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুর ভ্যালির চান্দপুর চা বাগার থেকে তার এই পদযাত্রা শুরু হয়। আজ পর্যন্ত তিনি প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি হেঁটেছেন বলে দেশ রূপান্তরকে জানান। আজ রাতে বিশ্রামের জন্য তিনি এক ছোট ভাইয়ের বাসায় অবস্থান করছেন। চার দিন টানা হেঁটে বেশ খানিকটা ক্লান্তি বোধ করছেন বলেও তার অকপট স্বীকারোক্তি।

আপনার সাথে আর কে কে আছেন? এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, 'কোটি কোটি মানুষ।' পরমুহূর্তেই বলেন, 'আমি একাই হাঁটছি। তবে আমি জানি আমি একা নই। আমার সাথে পুরো দেশের মানুষ আছে। বিবেকবান সব মানুষই আমার সঙ্গে আছেন বলেই আমি মনে করি।'

প্রথম রাত তিনি ছিলেন স্থানীয় এক চা-শ্রমিকের বাসায়। এর পর মাধবপুরে, তৃতীয় রাতে ছিলেন আশুগঞ্জে। 

তিনি বলেন, আমার এতটা হাঁটার অভ্যাস নেই। বাসায় থাকলে গড়ে প্রতিদিন আড়াই-তিন কিলোমিটার হাঁটি। চার দিনে এক শ কিশোমিটারেরও বেশি হাঁটলাম। একটু কষ্ট হচ্ছে। তবে চা-শ্রমিকদের কষ্ট আরো অনেক বেশি। ওরা তো বছরের পর বছর ধরে কষ্ট করছে। চা-শ্রমিকদের কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না। আমি মন থেকে চাই এই সমস্যার সমাধান হোক। চা-শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাক। আমি রবিবার শ্রম মন্ত্রণালয়ে পৌঁছাতে পারব বলে আশা রাখি। আমি জানি, আপনারা সবাই আমার সাথেই আছেন।

আগামীকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টা নাগাদ তিনি নরসিংদী শহরে প্রবেশ করবেন বলে আশা রাখেন। তিনি চান, নরসিংদী শহরের সচেতন মানুষরা তার এই পদযাত্রায় অংশ নিক। সবটা না হলেও অন্তত শহরটা যেন তারা তার সঙ্গে হেঁটে সংহতি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত